বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।
খুলনা: খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করে নগর বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মীর কায়সেদ আলী, মাহবুব কায়সার, আজিজুল হাসান দুলু, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ। পরে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খান জুলফিকার আলী জুলু।
গাইবান্ধা: গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বিক্ষোভ মিছিল শহরের সার্কুলার রোডের বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক এমপি সাইফুল আলম সাজা প্রমুখ।
ঠাকুরগাঁও: জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন প্রমুখ।
নাটোর: পুলিশি বাধার মুখে নাটোরে বিক্ষোভ সমাবেশে করেছে জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল হকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
বগুড়া: শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।
মাগুরা: শহরের জেলা পাড়া সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরে ঢোকার মুখে পুলিশের বাধায় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল প্রমুখ বক্তব্য রাখেন।
নোয়াখালী: বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জড়ো হন। এ সময় পুলিশ বেষ্টনীর মধ্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
গাজীপুর: দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। পৌর বিএনপির সভাপতি মীর হালীমুজ্জামান ননীর সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা ভিপি জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সাখাওয়াত্ হোসেন সেলিম, মেহেদী হাসান এলিচ প্রমুখ।
হবিগঞ্জ: হবিগঞ্জে বিক্ষোভ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মিছিল বের করলে শায়েস্তানগর এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিকে গউছ, জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
