দিনাজপুরের ফুলবাড়িতে রাস্তার মাঝে থাকা গরুকে বাঁচাতে গিয়ে গতকাল শুক্রবার বেলা একটায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০বছর বয়স্কা অজ্ঞাতনামা এক পথচারী নারী নিহত হয়েছেন। এ সময় ২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন, ফুলবাড়ি পৌর এলাকার কানাহার এলাকার মৃত শসসের আলীর ছেলে আজমল হোসেন (৫৭), উপজেলার জয়নগর বারাইপাড়া এলাকার নবিউল ইসলামের স্ত্রী মোমেনা বেগম (৫০), নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর সাবাজপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), ট্রাকের সহকারি ঝিনাইদহের বনকিরা এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্তী (৩০), বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিএম শফিউর জামান (৩৫), নওগাঁর ধামুইরহাট উপজেলা সদরের মামুনের ছেলে তারেক হোসেন (১৪), মাসুদের স্ত্রী আহিলা আক্তার (২৫) এবং অন্য দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মনিয়ার রহমান বলেন, কোন কিছু বুঝে ওঠার আগে বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুঁটে গিয়ে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। তবে তখন জুম্মার নামাজের সময় হওয়ায় উদ্ধার কাজে লোকজন কম ছিল। পরে স্থানীয় প্রশাসনকে জানানোর পর ফায়ার সার্ভিসের লোকজন এসে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করেন।
দুর্ঘটনার শিকার বাসের আহত যাত্রী শাপলা আক্তার (৩০) বলেন, আরিজ পরিবহনের (কুমিল্লা-জ-১১-০০৩০) যাত্রীবাহী বাসটি ফুলবাড়ি ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। এ সময় বেজাই টালিথাকুমি চার্চের সামনের রাস্তার মাঝে চারটি গরু দাঁড়িয়ে ছিল। দ্রুতগামী বাসটির চালক রাস্তার ডান দিকে মোড় নেওয়ামাত্রই সামনে থেকে আসা পাথর বোঝাই ট্রাকের (যশোর-ট-১১-২৩০৬) সঙ্গে বিকট শব্দে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের ২৫জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, উপজেলা সহকারি কমিশনার মো. এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্তসহ দিনাজপুর ও ফুলবাড়ির ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার উভয় পার্শ্বে দুই শতাধিক ছোটবড় যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘন্টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস দিনাজপুর ইউনিটের উপ-সহকারি পরিচালক রফিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত নারীটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে থাকার কারণে তার মরহেদ উদ্ধার করতে বেশ সময় লেগে গেছে। তার নাম ও পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/নূহু
