জামালপুরের মেলান্দহে অস্ত্রসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। ৬ জুলাই রাতে মালঞ্চ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ওসমান গণির ছেলে আক্তারুজ্জামান (৩৫), নিজাম উদ্দিন শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৫), আ: জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩০) এবং ফুলু শেখের ছেলে সুজন মিয়া (৩৭)।
জানা গেছে, প্রতিবেশী আশরাফ আলী ও সুজন গংদের মধ্যে বিরোধের জের ধরে কয়েকটি মামলা চলছিল। এর প্রতিশোধ নিতে ৬ মাস আগে থেকে প্রতিপক্ষ আশরাফ আলীকে ফাঁসানোর চক্রান্ত করে। ঘটনার রাতে আশরাফ আলীর রান্নাঘরে পিস্তল রেখে ডিবি পুলিশকে খবর দেওয়া হয়। রাত ২টার দিকে আশরাফের বাড়িতে হানা দিয়ে পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশ।
বিষয়টি ডিবির কাছে সন্দেহজনক মনে হলে আশরাফ আলী ও আক্তারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ষড়যন্ত্রের চাঞ্চল্যকর ঘটনা।
আটক আক্তারুজ্জামানের দেওয়া তথ্যমতে পিস্তল দিয়ে অন্যকে ফাঁসানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই বিভিন্ন স্থান থেকে বাকি ৩জনকে আটক করা হয়। পরে বেলা ৩টার দিকে নির্দোষ আশরাফ আলীকে ছেড়ে দেওয়া হয়।
আশরাফ আলী জানান, অস্ত্র রাখার বিষয়ে আমি কিছু জানতাম না।
ডিবির সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
