আশুলিয়ায় ভূল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৮:৪৩
সাভারের আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় ভুল চিকিৎসায় লাইলী বেগম (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডাঃ মুদ্দাচ্ছির মাহমুদ, ডাঃ এমতাজুল এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রুবেল ওয়াহিদ পলাতক রয়েছে। 
 
নিহতের স্বামী আবুল কাসেম অভিযোগ করে বলেন, তার স্ত্রী গত কয়েকদিন যাবৎ টনসিল রোগজনিত কারনে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে পরামর্শের জন্য যান। এ সময় সেখানে কর্মরত নাক কান গলার ডাক্তার (সার্জন) মুদাচ্ছির মাহমুদ তার স্ত্রী লাইলী বেগমকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এছাড়া টনসিল ইনফেকশন হয়ে গেছে ও দ্রুত অপারেশন না করালে রোগীর অবস্থার অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করেন। 
 
ডাক্তারের পরামর্শে রাতে লাইলীর অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। রাত ৮ টার দিকে নাক, কান-গলা বিশেষজ্ঞ ডাঃ মুদাচ্ছির ও ডাঃ এমতাজুল লাইলীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। 
 
এর পর দীর্ঘ দুই ঘন্টা পার হয়ে গেলেও গৃহবধুকে অপারেশন থিয়েটার থেকে বের না করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থার অবনতির কথা বলে তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেয়। এ সময় গৃহবধুর স্বজনরা জোরপূর্বক অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। 
 
পরে তারা উত্তেজিত হয়ে উঠলে হাসপাতালের চিকিৎসক ও কয়েকজন নার্স ওই হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যায়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত লাইলী বেগমের ৩টি পুত্র সন্তান রয়েছে।
 
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। হাসপাতালের লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স আছে। তবে কি কারনে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত চিকিৎসকদের অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/নূহু