সাভারে বেপরোয়া বাসের ধাক্কায় বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শফিকুল ইসলাম এবং সুজাত মিয়া। তাদের দুজনের বাড়িই পাবনা জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, ব্যবসায়িক কাজ শেষে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে পাবনা যাচ্ছিলেন ওই দুই মোটরসাইকেল আরোহী। পথে আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে ইন্টারসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও সুজা মিয়ার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
