বাগেরহাটে জামায়াত ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:১৭
বাগেরহাটের ফকিরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত ও শিবিরের নয় নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের মিত্রডাঙ্গার জনৈক আব্দুস সামাদের বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
আটক ব্যক্তিরা হলেন, জামায়াত ইসলামীর ফকিরহাট উপজেলার সাবেক নায়েবে আমির মওলানা ইউনুস আলী (৭০), ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শেখ ফরহাদ হোসেন (২৬)। শেখ হাবিবুর রহমান (৭৫), গোলাম হোসেন পাটোয়ারী (৫০), আব্দুর রহমান সরদার (৩০), মতলেব শেখ (৫৫), আব্দুল্লাহ শেখ (৩৩), শেখ ইদ্রিস আলী (৪৫) ও আব্দুস সামাদ (৩৩)।  এরা সবাই জামায়াতের কর্মী। এদের বাড়ি ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে।
 
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, ফকিরহাট উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে জামায়াত ও ছাত্র শিবিরের একদল নেতাকর্মী উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের মিত্রডাঙ্গার জনৈক আব্দুস সামাদের বাড়ি জড়ো হয়ে নাশকতা পরিকল্পনার বৈঠকে মিলিত হয়। ওই নাশকতা পরিকল্পনার বৈঠকের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে বর্তমান সাবেক নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 
এ বিষয়ে জানতে জামায়াত ও ছাত্র শিবিরের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/নূহু