ষড়যন্ত্রের মাধ্যমে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে : আমির খসরু

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:২৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারাগারে দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
 
সদ্য প্রয়াত গোবিন্দগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মন্ডল স্মরণে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত শোক সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।
 
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়ের করে ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
 
তিনি অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর সুচিকিৎসার দাবি জানান। 
 
শুক্রবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল ইসলাম সাদিকের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী  প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু