রাউজানে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২৩:২৬
রাউজান সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রাম থেকে এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জুলাই শুক্রবার রাতে যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নিহত মহিলার নাম মসুদা খাতুন (৭৫) বলে জানা গেছে। তিনি খলিলাবাদ গ্রামের আবদুল মজিদ মিস্ত্রির বাড়ীর মৃত আবদুল মোতালেবের স্ত্রী। 
 
লাশ উদ্ধার করার সময় ওই বাড়ী গিয়ে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে জানা যায় নিহত মহিলার তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তারা সকলেই বিবাহিত। দুই ছেলে থাকেন যথাক্রমে দুবাই ও সৌদি আবরে। এক ছেলে চাকুরি করেন ঢাকা। স্থানীয়রা বলেছেন ওই মহিলা একাকি স্বামীর ঘরে থাকতেন। ২ ছেলের স্ত্রী সন্তানরা থাকেন শাশুড় বাড়ীতে। অন্য ছেলে বউ নিয়ে থাকেন ঢাকায়। তিনি যখন ইচ্ছে তখনই আত্মীয় স্বজনের বাড়ি অথবা বাপের বাড়িতে গিয়ে থাকতেন। স্থানীয়রা জানান, মহিলার সঙ্গে ছেলের বউদের বনিবনা ছিল না বলে তারা শ্বাশুরির সঙ্গে থাকতেন না।
 
জানা গেছে, গত কয়েক মাস আগে ঢাকায় থাকা ছেলেটি তার মায়ের সঙ্গে রাখতে বউ নিয়ে বাড়ি এসেছিলেন। কিছুদিন এখানে থাকার পর মায়ের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে ওই ছেলের বউ চলে যায়। এক প্রতিবেশি জানিয়েছেন, গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে তার ছেলে বাড়িতে আসলেও সে কখন চলে গেছে তিনি দেখেননি।  
 
প্রতিবেশিরা জানান, বাড়ীর মধ্যে অনেকটা নির্জন ভিটায় সেমিপাকা ঘরের একটি খাটে উপর ওই বৃদ্ধার লাশটি একাধিক কাথা দিয়ে চাপা ছিল। ঘরের পিছনের দরজাটি ভেতর থেকে ছিটকানী ও সামনের দরজা বাইরে থেকে তালা দেয়া ছিল। গত বৃহস্পতিবার বাতাসে দুগন্ধ ছড়ালে তারা দুগন্ধ ছড়ানোর উৎস খুঁজতে গিয়ে বন্ধ ঘরের জানালা দিয়ে উঁকি মেরে বৃদ্ধার লাশের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্তত সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার সময় পর্যন্ত নিহত বৃদ্ধা ছেলেরা অনুপস্থিত ছিলেন। এক মাত্র কন্যা শ্বশুড় বাড়ী থেকে এসে মার লাশ দেখেন। 
 
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কেন কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। 
 
ইত্তেফাক/কেআই