নন্দীগ্রামে ঝড়ে উপড়ে যাওয়া গাছটি এখন মরণ ফাঁদ

আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৭:৫৬
জেলার নন্দীগ্রামে (বিজরুল-নন্দীগ্রাম) আঞ্চলিক সড়কে ঝড়ে উপড়ে যাওয়া ইউক্যালিপটাস গাছটি এখন পথচারীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে।  
 
স্থায়ীরা জানান, বিজরুল-নন্দীগ্রাম আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।  এছাড়া নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বিজরুলে অবস্থিত হওয়ায় এ সড়কে জন সাধারণের যাতায়াত অনেক বেশি। প্রায় এক বছর আগে কালবৈশাখী ঝড়ে বিজরুল-নন্দীগ্রাম সড়কের কালিশ-পুনাইল এলাকায় রাস্তার পাশে একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে। গাছটি অপসারণ না করায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে বৃষ্টির কারণে যে কোন সময় গাছটি রাস্তার উপর উপড়ে পড়তে পারে। জরুরিভাবে গাছটি অপসারণ না করা হলে প্রাণহানীসহ বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। 
 
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়- রাস্তার উপর গাছটি হেলে পড়লেও তা কাটা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। বিশেষ করে রাতের বেলায় বেশি সমস্যা হয়। অন্ধকারে পথ চলতে গাছের সঙ্গে ধাক্কা লাগতে পারে। 
 
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। গাছ গুলি দ্রুত টেন্ডারের মাধ্যামে অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/মুনিরা