রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫৭জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সব অভিযানের মধ্যে উত্তরা এলাকা থেকে পুলিশ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৬হাজার ৬৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮২ গ্রাম ৮৪৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭০ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
ইয়াবা ও কাভার্ড ভ্যানসহ গ্রেফতার ৪ : এদিকে ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল গত শুক্রবার মধ্যেরাতে উত্তরার পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারীকে গ্রেফতার কর। গ্রেফতারকৃতরা হলেন- শহিদ (২৮), হাসান মৃধা (২৯), আলমগীর হোসেন (২৮) ও পিয়াস মোল্লা (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানী ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রির কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
