ছাত্রলীগের হাতুড়ি পেটায় পা ভেঙ্গে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল ইসলাম তারেকের মেরুদণ্ডের হাড়ও ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার ‘রয়েল হাসপাতালে’র কনসালটেন্ট ডা. সাঈদ আহম্মেদ বাবু বলেন, তরিকুলের ডান পায়ের দুটো হাড়ই ভেঙেছে। ওর পিঠের এক্সরেও করানো হয়েছিল। এতে দেখা যায়, তার কোমরের ঠিক উপরের মেরুদণ্ডের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। এ সব কারণে তার নড়াচড়া করাও খুব কঠিন। সম্ভবত ভারি কিছুর আঘাতে এমনটি হয়ে থাকতে পারে।’
এদিকে চিকিৎসাধীন তরিকুল বলেন, কোমরের ঠিক উপরে প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন তিনি। ক্রমে তা বাড়ছে। একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে কেউ ভারি বস্তু দিয়ে সেখানে আঘাত করছে।
তিনি বলেন, ঘটনার দিন কোটা সংস্কার আন্দোলনের পতাকা মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। সবাই পালাতে সক্ষম হলেও তিনি পড়ে যান। এ সময় একা পেয়ে হামলাকারীরা তাকে মারধর করেন।
উল্লেখ্য, গত ২ জুলাই ছাত্রলীগের হামরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল গুরুতর আহত হন। তাকে প্রথমে রামেক হাসপাতালে এবং পরে রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/ইউবি
