প্রেমে ব্যর্থ হয়ে ২ বোনের ওপর এসিড নিক্ষেপ, একজনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৫:০৯
ভোলায় এসিড নিক্ষেপে দগ্ধ দুই বোনের মধ্যে বড় বোন তানজিম আক্তার মালা (১৬) মারা গেছেন। এসিড নিক্ষেপের পর তিনি ৫৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে। ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
 
জানা যায়, সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকার হেলাল রাড়ির ২ মেয়ে তানজিম আক্তার মালা (১৬) এবং মারজিয়া (৮) গত ১৪ মে রাতের খাবার খেয়ে এক সঙ্গে ঘুমাতে যান।
 
রাত ২টার পর জানালা দিয়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ ছাত্রী তানজি আক্তার মালার মুখ মণ্ডল, ২ চোখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এছাড়াও তার ছোট বোন দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারজিয়া হাত ও পেটসহ বিভিন্ন স্থান ঝলসে যায়। এসময় তাদের ডাক-চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
পরিস্থিতি অবনতি হওয়ায় তাদের ভোলা থেকে বরিশাল পরে ঢাকায় পাঠানো হয়। অপর দিকে এ ঘটনার ১১দিন পর ২৬ মে পুলিশ অভিযান চালিয়ে এসিড নিক্ষেপকারী মূল আসামি ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মহব্বত হোসেন অনুকে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।
 
পুলিশের জিজ্ঞাসাবাদে অপু এসিড নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছেন। হেলাল রাড়ি বলেন, মালা ঢাকা মোহাম্মদপুর সিটি হাসপাতালে ৫৪দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত ১০টায় মারা যায়।
 
ইত্তেফাক/আরকেজি