রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:২৭

রংপুরে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাটিয়েছে পুলিশ।

রংপুর কোতয়ালী থানা পুলিশ সুত্রে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর কুতুবপাড়ার বাসিন্দা আব্দুল করিমের পুত্র তালেবুল ইসলাম (৪৮) টিভিএস মোটর সাইকেলযোগে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ইউবি ট্রাভেলস্ নামের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তালেবুল ইসলামের মৃত্যু হয়।

পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত দিনাজপুরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ চলছিলো বলে রংপুর কোতয়ালী থানার এসআই ইসমাইল হোসেন জানান।

উল্লেখ্য নিহত তালেবুল ইসলাম একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রযোজক সিফাত তন্ময়ের বাবা।

ইত্তেফাক/নূহু