চট্টগ্রামে প্রাইভেট চিকিৎসা সেবায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:২০

ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযানের প্রতিবাদে চট্টগ্রাম বেসরকারি হাসপাতালগুলোতে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনার্স এসোসিয়েশন। তাদের ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা দিয়েছেন বিএমএ চট্টগ্রাম।

গতকাল রবিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যালয়ে জরুরি সভা শেষে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। এ ব্যাপারে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবুল কাসেম ইত্তেফাককে বলেন, প্রাইভেট প্রতিষ্ঠান গুলো এমনিতে অর্থনৈতিক টানা পোড়নের মধ্যে রয়েছে। তার মধ্যে অভিযানের নামে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০/১৫ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। এই অবস্থায় চিকিৎসা সেবা অব্যাহত রাখা সম্ভব নয়। তাই আমরা ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, নগরীসহ চট্টগ্রাম জেলার সমস্ত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের প্রাইভেট চিকিৎসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যেসব রোগী প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসা দেওয়া হবে। তবে বাহির থেকে কোন কনসালটেন্টকে কল দেওয়া হবে না।

প্রাইভেট হাসপাতাল মালিকদের এই ঘোষণার সঙ্গে একাত্মতা  প্রকাশ করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান।

ইত্তেফাক/নূহু