সীতাকুণ্ডে ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ আটক-৩

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৫৮

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ একটি পরিবহনে তল্লাশী চালিয়ে ৩ যুবকের পেট থেকে ২ হাজার ৮শ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় ওই তিন যুবককে আটক করা হয়েছে।

জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাইছড়ি ইউনিয়নস্থ পাক্কা মসজিদ এলাকায় টহল দেয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী একটি লেগুনা (হিউম্যান হলার) পরিবহনে (চট্টঃমেট্রো-ছ-১১-৩১৪৭) তল্লাশী চালানো হয়। তিন যুবককে সন্দেহ হলে তাদের গাড়ি থেকে নামানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে।

পরে ঔধষ সেবনের মাধ্যমে ৩ জনের পেট থেকে ২ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। যার আনুমানিক মূল্য ৮লাখ ৪০ হাজার টাকা।

আটককৃতরা হলো, মোঃ ফিরোজ আলম(৩৫), সামছুল আলম(৩৫) ও মোঃ আব্দুল হামিদ(৩৪)। তাদের সকলের বাড়ি কক্সবাজার জেলাধীন টেকনাফ থানার কচুবনিয়া, ডেগিল্লার বিল ও দমদমিরা গ্রামে।

এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু