ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেল ক্রসিংয়ে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ওই লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আগে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে জামালপুরগামী ট্রেন চলাচল বন্ধ আছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় সামনে দিয়ে যাওয়া একটি মোটরবাইককে চাপা দেয়। এ সময় চালক মোটরবাইক রেখে সটকে পরে। ট্রেনের লাইনের সাথে মোটরবাইক চাপা খেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়, তবে ট্রেন-বগি লাইনচ্যুত হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় ট্রেনের কোনও যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে রেলকর্মীরা কাজ শুরু করেছে।
ইত্তেফাক/কেআই
