গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরো দুইজন বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ২৮ যাত্রী।
বগুড়া শজিমেক হাসপাতালে মারা যান সোমা পরিবহন বাসের চালক নাটোর সদরের মল্লিঘাটি এলাকার আবদুর রশিদ টুলুর ছেলে মো. মিন্টু মিয়া (৪০) ও ঢাকার সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে রিংকু মিয়া (২৬)।
এর আগে ঘটনাস্থলে মারা যান রংপুরের পীরগঞ্জ উপজেলার গাঙ্গজোয়ার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে স্কুল শিক্ষক মাহাফুজার রহমান (৪৫) ও আগমন এন্টারপ্রাইজের বাস চালক বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার মহির উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৬০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সোমা পরিবহনের একটি বাসের সঙ্গে সোমবার সকালে বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমন এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আগমন এন্টারপ্রাইজের বাস চালক জাহেদুল ইসলাম ও স্কুলশিক্ষক মাহাফুজার রহমান নিহত হন। এ ছাড়া দুই বাসে থাকা নারী-পুরুষসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
ইত্তেফাক/ইউবি
