সুন্দরবনে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৫:৩৮
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক (২৬ বছর) বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়ার শৌলা নদী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ২টি রামদা, ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও বিভিন্ন মালামাল উদ্ধার করে র‌্যাব। 
 
বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনীর অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বনদস্যু বাহিনী র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
 
প্রায় আধাঘন্টা ধরে গুলি বিনিময়ের পর দস্যুরা গহীন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এক দস্যুর গুলিবিদ্ধ মরদেহ, অস্ত্র, গুলি ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তবে মৃত দস্যু কোন বাহিনীর সদস্য বা তার নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।
 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাদী হয়ে দুইটি মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহট মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু