কেন্দুয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:৫১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে একই গ্রামের দুই যুবককে আসামি করে মঙ্গলবার দুপুরে এ মামলা দায়ের করেন। ধর্ষকদের গ্রেফতার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।
 
মামলার অভিযোগের বিবরণে জানা গেছে, উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামের মেরাজ আলীর ছেলে দুখু মিয়া (২৬) ও মুনতু মিয়ার ছেলে জুলহাস মিয়া (২৭) গত সোমবার দিবাগত রাত ২টার দিকে একই গ্রামের ওই কিশোরীর বসতঘরের দরোজা ভেঙে ঘরে ঢুকে কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। 
 
মামলার বাদী জানান, মেয়ের বাবা বাড়িতে থাকেন না। ঘটনার রােত আমিও বোনের বাড়িতে ছিলাম। আমার মেয়ে একা ঘরে থাকার সুযোগে দুখু ও জুলহাস মিয়া তাকে ধর্ষণ করে। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু