সরিষাবাড়ী থানার ওসি স্ট্যান্ড রিলিজ

আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:০৯
জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার এক আদেশে নতুন অফিসার ইনচার্জ মাজেদুর রহমান পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করে সরিষাবাড়ীতে অবস্থান করছেন। রেজাউল ইসলাম খানের বদলীর সংবাদে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কোথাও কোথাও মিষ্টি বিতরনের ঘটনা ঘটেছে।
 
একটি সূত্র জানায়, গত ৩ জুলাই উপজেলার ডোয়াইল ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ রদ্র বয়ড়া এলাকার অপু মিয়া, রুকন উদ্দিন, বিপ্লব মিয়াকে গ্রেফতার করে। এই গ্রেফতারকে কেন্দ্র করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান এবং মাদারগঞ্জ মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীনের সঙ্গে মোবাইল ফোনে তুমুল তর্ক বিতর্ক হয়। নাজমা পারভীন সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, সরিষাবাড়ী থানার ওসি মাদকের নামে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ১লাখ টাকা ঘুষ দাবি করে ৬০ হাজার টাকা গ্রহণ করে। টাকা নেওয়ার পর তাদের হেরোইন দিয়ে মাদকের মামলায় জেল হাজতে পাঠানোর কারনে তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়।
 
৪ জুলাই রাতে সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন তাকে আসামি ছেড়ে না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। রাতেই তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ প্রসাশন ও সরকারী দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারই জের ধরে ওসি রেজাউল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করে জামালপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।
 
সরিষাবাড়ী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মাজেদুর রহমান পরপর তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার অর্জন করেছেন। তিনি নেত্রকোনা জেলার মদন থানায় কর্মরত ছিলেন।
 
সরিষাবাড়ী থানার সদ্য স্ট্যান্ড রিলিজ হওয়া অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, আমাকে জনস্বার্থে পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে। বদলির আদেশ এখনো পাইনি। তবে আগামীকাল বুধবার চার্জ বুঝিয়ে দেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু