নেশার টাকার জন্য ২ মাসের শিশুকে হত্যা, বাবা আটক

আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:৩৬
হবিগঞ্জের লাখাইয়ে নেশার টাকার জন্য ২ মাস বয়সী শিশুকে হত্যা করেছে বাবা। পিটিয়ে আহত করেছে স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুলপড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে তার দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মানপুর গ্রামে।
 
হাসপাতালে চিকিৎসাধীন ফুলজাহান জানান, তার স্বামী ওই গ্রামের সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার টাকার প্রয়োজন হলে সে পরিবারের সদস্যদের অত্যাচার করে। মঙ্গলবার বিকেলে হঠাৎ ফুলজাহানের নিকট নেশার টাকা চায়। তিনি তা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ঘুমিয়ে থাকা ২ মাস বয়সী তার শিশু সন্তান ইকরা মনিকে তুলে আছাড় দেয়। এতে সে গুরুতর আহত হয়।
 
এছাড়া স্ত্রী ফুলজাহান ও অপর মেয়ে স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তারকে (৯) পিটিয়ে আহত করে। তার এমন হিংস্র আচরণ দেখে ঘর থেকে পালিয়ে রক্ষা পায় তার অপর দুই ছেলে জনি (৮) ও রনি (১২)। এ সময় আহত মা ও মেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মাস বয়সী শিশু ইকরা মনি মারা যায়।
 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান জানান, নেশার টাকার জন্য সে তার সন্তানকে আছাড় দিয়েছে। স্ত্রী ও অন্য মেয়েকে পিটিয়ে আহত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক পিতা সাইদুল ইসলামকে আটক করেছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/নূহু