২৫ লাখ টাকা মূল্যের ১৬০ মেট্রিক টন চাল ও ৮ হাজার ৫৫০ মেট্রিক টন গম আত্মসাৎ মামলায় খুলনা সিএসডির সাবেক খাদ্য পরিদর্শক মো. আব্দুল কাদের তালুকদারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২৪ লাখ ৫২ হাজার ২৩৫ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল কাদের তালুকদার পলাতক রয়েছেন। তিনি পিরোজপুর জেলা সদরের শিকারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৫ আগস্ট থেকে ২০০২ সালের ৩ অক্টোবর পর্যন্ত সময় মোঃ আব্দুল কাদের তালুকদার খুলনা সিএসডির ২ নম্বর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে ৮টি খামালের মধ্যে গুদামজাতকৃত খাদ্যশস্যের মাত্রাতিরিক্ত ঘাটতি দেখিয়ে ৫টি খামালে ২৪ লাখ ৪৩ হাজার ৩০৭ টাকা মূল্যের ১৬০ মেট্রিক টন চাল ও তিনটি খামালে ১ লাখ ১১ হাজার ১৫০ টাকা মূল্যের ৮ হাজার ৫৫০ মেট্রিক টন গম আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০০৪ সালের ১৩ নভেম্বর জেলা দুর্নীতি দমন ব্যুরো খুলনার সহকারী পরিদর্শক মো. বজলুর রহমান বাদী হয়ে মো. আব্দুল কাদের তালুকদারের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ মহাতাবউদ্দিন ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে মোঃ আব্দুল কাদের তালুকদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সেলিম আল আজাদ।
ইত্তেফাক/নূহু
