ফরিদপুরের চরভদ্রাসনের বালিয়াডাঙ্গী ও ফাজেলখারডাঙ্গীতে গত তিনদিনে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। গত তিন দিনের অব্যাহত ভাঙনে দশটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
IMG0
খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ভাঙন কবলিত এলাকা বালিয়াডাঙ্গী ও ফাজেলাখারডাঙ্গী পরিদর্শন করে নদী ভাঙনের ভয়াবহতা সচক্ষে পর্যবেক্ষণ করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপশি সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী ও ফাজেলখারডাঙ্গী ভাঙনের ভয়াবহতা দেখে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে এমপি নিক্সন চৌধুরী বলেন ‘পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে নদী ভাঙনরোধে স্থায়ী বাঁধের ৩শ ৩৪ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আমি কয়েকদিন আগে ভাঙন কবলিত এমপিডাঙ্গী পরিদর্শনে এসেছিলাম সেখানে এখন ভাঙনরোধে কাজ হচ্ছে। আজ বালিয়াডাঙ্গী ও ফাজেলখারডাঙ্গী ভাঙনের ভয়াল রূপ দেখে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। এখানে আপনাদের বাপ দাদার পুরোনো বসতবাড়ি, সরকারি কয়েকটি স্কুল, বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র চরম ঝুঁকিতে রয়েছে। আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আমি ঢাকায় ফিরে মন্ত্রীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ভাঙন রোধে ব্যাবস্থা নেবো। যাতে করে আপনাদের পৈত্রিক ভিটে নদী ভাঙনে বিলীন না হয়ে যায়’।
এমপি নিক্সনের নদী ভাঙন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহুরুল হক, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, মোঃ আহসানুল হক মামুন, মোঃ মোরাদ হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ বারেক মন্ডল প্রমুখ।
প্রসঙ্গতঃ গত শনিবার রাত ১১টার দিকে এমপিডাঙ্গী, বালিয়াডাঙ্গী ও ফাজেলখারডাঙ্গী ভাঙন দেখা দেয় এবং ভাঙন অব্যাহত থাকে। এতে সদর ইউনিয়নের ফাজেলখারডাঙ্গীর শেষ মাথায় ও বড় বালিয়াডাঙ্গীর কয়েকটি স্থানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ১০টি বসত বাড়ি, প্রায় ৩০ বিঘা ফসলী জমী ও বিভিন্ন প্রজাতির গাছপালা।
IMG1
সরেজমিনে ভাঙন এলাকা ঘুরে দেখা যায় ভাঙনের কবলে পড়ে বালিয়াডাঙ্গী গ্রামের ভাঙন কবলিত বাসিন্দারা তাদের বাড়িঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদের মধ্যে হারুন মোল্যা, আফরোজা বেগম, আবুল কাশেম মন্ডল, কাউসার মন্ডল, আক্কাস মন্ডল, পান্নু মন্ডল, পাঞ্জু ব্যাপারী, সিরাজ মন্ডল, এমপি ডাঙ্গী গ্রামে আইয়ুব আলী প্রমানিক ও ইমরান প্রামানিক অন্যতম।
ইত্তেফাক/নূহু
