রাষ্ট্রীয় মর্যাদায় নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কবি এনাম হাসানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় গার্ড অব অনার শেষে জেলা জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা ও পরে বাদ জোহর তার গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দের মকবুল চৌধুরীর হাটে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বাদলসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এনাম হাসান (৬৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত ১১টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে তার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম এনাম হাসান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিএলএফের (মুজিব বাহিনী) টিম লিডার ছিলেন। ওই সময় তিনি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।
স্বাধীনতার পর এনাম হাসান সরকারি চাকরি ছেড়ে দিয়ে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি সমাজের অপসংস্কৃতি, অনিয়ম, দুর্নীতি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রতিবাদী কবিতা লিখে কবি হিসেবে জেলা শহরে খ্যাতি লাভ করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের আপনজন ছিলেন।
ইত্তেফাক/নূহু
