ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আজ সোমবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল হেলিম (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। নিহত কৃষক উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার হেলিমের একটি গরু (বাছুর) প্রতিবেশী হাফিজ উদ্দিনের বীজতলা সামান্য নষ্ট করে ফেলে। এ নিয়ে হাফিজ ও তাঁর পুত্রদের সঙ্গে হেলিমের হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামের লোকজন হস্তক্ষেপ করে ঘটনাটি মিটিয়ে দেয়। গ্রামবাসীর হস্তক্ষেপে বিবাদ মিটলেও হাফিজ উদ্দিনের পক্ষটি কৃষক হেলিমের প্রতি ক্ষুদ্ধ ছিল।
ফলে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হাফিজ উদ্দিন ও তাঁর লোকজন সশস্ত্র অবস্থায় হেলিমের বাড়ি ঢুকে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে নিহত হয় আবদুল হেলিম।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
