‘ব্যাটিংয়ের উন্নতিই সাফল্য আনছে’

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০২:১৬
আবির্ভাবের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান আক্ষেপ ছিল ব্যাটিং দুর্বলতা। ধীরে ধীরে ঘাটতি কাটিয়ে উঠছেন ব্যাটসম্যানরা। তাতেই ধরা দিচ্ছে সাফল্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দলের ধারাবাহিক সাফল্যের প্রধান রসদ হিসেবে ব্যাটিংয়ে উন্নতির কথাই উল্লেখ করেছেন সালমা খাতুন।
 
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে গতকাল সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দরে নারী দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
 
টি-টোয়েন্টি ফরম্যাটে রুমানা-জাহানারাদের সময়টা দারুণ কাটছে। জুনে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে সালমার দল। চলতি মাসে নেদারল্যান্ডসে অসাধারণ ধারাবাহিকতায় বাছাইপর্বের সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল।
 
বোলিংটা বরাবরই ভালো ছিল বাংলাদেশের। এবার ব্যাটিংয়েও চোখে পড়ার মতো উন্নতি এসেছে। টপঅর্ডারে শামীমা সুলতানা, আয়েশা রহমান কম-বেশি রান পাচ্ছেন। ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদরা মিডল অর্ডারে কার্যকর ব্যাটিং করছেন। পরে সানজিদা ইসলাম, ফাহিমা খাতুনের মতো দ্রুত রান তোলার ব্যাটসম্যানও এখন বাংলাদেশ দলে রয়েছে।
 
সালমার চোখে ব্যাটিংই বদলে দিয়েছে দলের চেহারা। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক গতকাল ইত্তেফাককে বলেছেন, ‘যে ব্যাটসম্যানগুলো আমাদের এখন খেলছে, আগেও কিন্তু তারা খেলেছে। আগে কি হতো, রান করতে পারতো না। আগে হয়তো একজন করলে আর দুজন করতে পারতো না। এখন কিন্তু আমাদের একজন আউট হলে আরেকজন ধরার মতো সামর্থ্য রাখে। আমার মনে হয়, ব্যাটিংটা অনেক উন্নতি করার কারণেই আমাদের রেজাল্টগুলো আসতেছে। ব্যাটিংয়ে যেহেতু উন্নতি হয়েছে, একটা স্কোর দাঁড় করালে বোলিং, ফিল্ডিংয়ে আত্মবিশ্বাস আসছে। আমরা আসলে তিন বিভাগেই উন্নতি করছে।’
 
বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করার টার্গেটেই গত মাসে আয়ারল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ দল। বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়ে সেই টার্গেট পূরণ করতে পেরে খুশি সালমা। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘আমাদের টার্গেট ছিল বিশ্বকাপ খেলার। সেই টার্গেট আমরা পূরণ করেছি। আমরা বিশ্বকাপ খেলবো, ইনশাল্লাহ। সবমিলিয়ে আমরা খুব খুশি। মালয়েশিয়ায় এশিয়া কাপের পর থেকে আমরা যে পারফরম্যান্স করছিলাম, সেটা যে আমরা ধরে রাখতে পারছি, এটাই আমাদের উন্নতি। এ কারণেই সাফল্যগুলো আসছে আমি মনে করি।’
 
 
ইত্তেফাক/ইউবি