নির্বাচন কমিশনের হেলালুদ্দিন বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এতে কোনো সন্দেহ নাই। অতীতে আমরা অনেক নির্বাচন করেছি। সবগুলো শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হেলালুদ্দিন বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই আমরা পৌরসভা গুলোতে অধিক গুরুত্ব দিয়ে থাকি। নির্বাচনে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি দেন।
আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, নির্বাচন কমিশন সচিবালায়ের যুগ্ন সচিব খোন্দকার মিজানুর রহমান, র্যাব ১১ এর অধিনায়ক (চলতি দায়িত্ব) মেজর আশিক বিল্লাহ।
আরো বক্তব্য রাখেন, আড়াইহাজার পৌরসভার রিটানিং কর্মকর্তা ফয়সাল কাদের, গোপালদী পৌর সভার রির্টানিং কর্মকর্তা মো. শফিকুর রহমান, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, গোপালদী পৌরসভার সহকারী রিটানিং কর্মকর্তা জসিম উদ্দিন, আড়াইহাজার পৌর সভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী, বিএনপির মেয়র প্রার্থী পারভিন আক্তার, গোপালদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব এমএ হালিম সিকদার প্রমুখ।
মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবি জানান। সভায় নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন কমিশনের সচিব এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আইন-শৃঙ্খলা বাহীনির সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।
ইত্তেফাক/কেকে
