গোপন ও নিরাপত্তা বিষয়ক পুলিশি অভিযানে শিশু গোয়েন্দা মোতায়েন করছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সম্প্রতি নতুন এক পার্লামেন্টারি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, পুলিশি অভিযানে নিয়োজিত এসব গোয়েন্দা শিশুদের অনেকেরই বয়স ১৬ বছরের নিচে। হাউজ অফ লর্ডসের পর্যালোচনা কমিটির ওই প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। প্রতিবেদনটি গত সপ্তাহে প্রকাশিত হয়।
বর্তমানে ১৮ বছরের কম বয়সী কাওকে এক মাসের চেয়ে বেশি সময় ধরে গোপন গোয়েন্দা সূত্র (সিএইচআইএস) হিসেবে ব্যবহার করা হয়। এই সময়সীমা বৃদ্ধি করার প্রস্তাব নিয়ে সরকারি কর্মকর্তারা ওই প্রতিবেদনটি তৈরি করেছিলেন।
‘সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটির’ চেয়ারম্যান লর্ড ট্রেফগার্নে বলেন, তরুণদের সিএইচআইএস হিসেবে ব্যবহার করার নীতিমালা কমিটির সদস্যদের মধ্যে বিবেচনাযোগ্য উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি বর্তমান সময়সীমা আরো বৃদ্ধি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা একজন তরুণকে গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যবহার করার সময়সীমা বৃদ্ধি করার বিষয়ে চিন্তিত। কেননা এতে করে তারা মানসিক ও শারীরিক উন্নতি
ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।
ঠিক কতজন, ১৮ বছরের কম বয়সী তরুণকে গোয়েন্দা অভিযানে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি প্রতিবেদনে।
ইত্তেফাক/ জেআর
