ঘিওরে পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৩২
মানিকগঞ্জের ঘিওরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে মিতু আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
 
মিতু ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মোকাদ্দেছ হোসেন মধুর মেয়ে। তিনি ঘিওর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর অকৃতকার্য হয়েছে শুনে মিতু সারারাত না খেয়ে কান্নাকাটি করে। শুক্রবার ভোরে বাড়ির সবার চোখের অড়ালে ঘরে থাকা ইঁদুর নিধনের বিষপান করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর সদর হাসপাতালে নিলে চিকিত্সকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মিতুর মৃত্যু হয়।
 
ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল এ খবর নিশ্চিত করেছেন। ঘিওর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম