কক্সবাজারের চকরিয়ায় মো. ইসমাঈল প্রকাশ ডাইল ইসমাইল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ২১ইঞ্চি এলজি (বন্দুক), ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা ট্যাবরেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া মৃত আবু সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ছয়টি মামলা রয়েছে।
আজ শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চকরিয়া-লামা সড়কের ফাসিয়াখালী কুমারী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালীর কুমারী ব্রিজ এলাকায় মাদক কারবারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ডাইল ইসমাঈলের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে এই গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
