বিএসএমএমইউয়ে মরণোত্তর চক্ষুদান উদ্বুদ্ধকরণ ও রক্তদান কর্মসূচি

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:০১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মরণোত্তর চক্ষুদান উদ্বুদ্ধকরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী দিনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় মরণোত্তর চুক্ষদান, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানান।

চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের পক্ষ থেকে মরণোত্তর চুক্ষদান উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখ।

 

বিশেষজ্ঞ চিকিত্সাসেবা

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগ-১ ও ২ এবং এ ব্লকে বিশেষজ্ঞ চিকিত্সাসেবা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, শিশু অনুষদ এবং ডেন্টাল অনুষদের সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকসহ সংশ্লিষ্টরা এই মহতী চিকিত্সাসেবা কার্যক্রমে অংশ নেন। এছাড়া সার্জারি অনুষদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবাসমূহসহ বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের সংশ্লিষ্ট বিভাগগুলোর সেবাসমূহ চালু ছিল।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও ২-এর বিভিন্ন কক্ষে বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দের রোগীদেরকে চিকিত্সাসেবা প্রদানের মহতী কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ, ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।