বাস যাত্রীদের সঙ্গে ভালো আচরণের জন্য চালক, হেলপার ও কন্ডাক্টরদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ঢাকা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল্ল্যাহ চৌধুরী শাহিন। গতকাল শনিবার ফুলবাড়িয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় তিনি এ আহ্বান জানান। বৈঠকে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন শ্রমিক নেতা বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে চালক, হেলপার ও কন্ডাক্টরদের হাতে যাত্রীরা নানাভাবে নাজেহাল হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা দুঃখজনক। যাত্রীরা যাতে ভালো সেবা পায় সেদিকে দৃষ্টিপাত করে তিনি বলেন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অধীন কোনো চালক, হেলপার এবং কন্ডাক্টরের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার এবং প্রয়োজনে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
