চট্টগ্রামে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার আট আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা আজ রবিবার এ আদেশ দেন।
আসামিরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক এমএ মুসা ও তার সহযোগী রাসেল, মাসুদ, মুরাদ, তৌহিদুল আলম, মো. মিঠু, নবী ও জানে আলম।
চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী জানান, আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করার পর সেখান থেকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। এ অনুযায়ী রবিবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নগরীর চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনীর মুখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করে পরিবার। এলাকায় ক্যাবল ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পরিবারের অভিযোগ।
ইত্তেফাক/কেকে
