মঠবাড়িয়ায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০১:৪৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও অমাবস্যার প্রভাবে ধানীসাফা সওজের নির্মাণাধীন পাঁচ কিলোমিটার সড়ক ধসে পাঁচ/ছয় স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে গত বুধবার থেকে উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার লোকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সড়ক সংশ্লিষ্ট কয়েকটি স্কুল-মাদ্রাসাসহ ইউনিয়ন বাজারে যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি মিরুখালী ভায়া বাদুরা-শাফা পাঁচ কিলোমিটার সড়কটি সওজের অর্থায়নে নির্মাণ সম্পন্ন হয়। সড়কটি খাল সংলগ্ন হওয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ- সড়কটি দায়সারাভাবে নির্মাণ করায় চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়।

এছাড়া চার/পাঁচদিনের টানা ভারী বর্ষণ ও সড়ক সংলগ্ন খালের পানি অস্বাভাবিক জোয়ারের চাপে সড়কটি দেবে যায়। ফলে পাকা সড়কটি বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসী বিধ্বস্ত সড়কে  কলা ও সুপারি গাছ ফেলে  চলাচল করছেন।

স্থানীয় অটোচালক মোঃ হাবিবুল্লাহ জানান, ঠিকাদারের দায়সারা কাজ করায় সড়ক ভেঙে যাচ্ছে। এছাড়া জোয়ারের পানির চাপে প্রায়ই রাস্তা কোনো না কোনো স্থান দেবে যায়। তখন এলাকাবাসী চাঁদা তুলে রাস্তা মেরামত করেন। সড়কটি ব্যস্ততম হলেও কর্তৃপক্ষ সড়কটি অপ্রশস্ত ও দায়সারাভাবে নির্মাণ করেছেন । বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম বলেন, চলতি বর্ষা মৌসুমে পাকা সড়কটি বিপর্যস্ত হয়ে পড়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটি দ্রুত মেরামত না করলে  আরও  ভেঙে যাবে। এ ব্যাপারে সওজের পিরোজপুর অফিসের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুজ্জামান জানান, বিধ্বস্ত সড়কটি চলাচলের জন্য জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু