যৌতুক দাবি করায় তিন শ্যালকের কিলঘুষিতে দুলাভাই নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৯:৫৮

হাটহাজারীতে তিন শ্যালকের কিল ঘুষিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ আনোয়ার (৪০) নাটোরের লালপুর থানাধীন গোপালপুর গ্রামের মতিন আহমদের পূত্র বলে জানা গেছে। তিনি পেশায় একজন টেম্পু চালক। দীর্ঘ সময় ধরে আনোয়ার এ উপজেলায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাহলুমা বাজার সংলগ্ন মৌলভী ওবায়দুর রহমানের বাড়িতে রবিবার বিকেলে আনোয়ার বিদেশ যাওয়ার জন্য তার স্ত্রীকে ভাইদের কাছ থেকে টাকা চাইতে বলে। তারপর স্ত্রী মনি বেগম স্বামীর কথায় তার তিন ভাইয়ের কাছ থেকে টাকা চাইলে তারা বলে গত কিছুদিন আগে তোর ডেলিভারীর সময় ডাক্তার খরচ বাবদ ২৫ হাজার টাকা দিয়েছি। এখন টাকা কি ভাবে দেব? বিষয়টি স্বামীকে বললে তার ভাইদের সামনে আনোয়ার উত্তেজিত হয়ে স্ত্রীকে গালিগালাজ করে।

বোনের ওপর স্বামীর এমন আচরণ সহ্য করতে না পেরে রাতে তিন ভাই একত্রিত হয়ে আনোয়ারকে কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে। এর মধ্যে শ্যালক জাহাঙ্গীর টর্চ লাইট দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত অন্য একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আনোয়ারের ছেলে মোঃ সুমন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নাম্বার ৫৬। এ হত্যা মামলায় ঘাতক তিন শ্যালক জাহাঙ্গীর (২৪), আলমগীর (৩০) এবং নজরুলকে (৩২) আটক করেছে মডেল থানা পুলিশ।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ৩ ভাইকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে ও সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু