জাহাজের সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৬:১৭

কর্ণফুলী নদীতে কোলাগাঁও এলাকার ওশান শিপ ইয়ার্ডের পাশে নোঙ্গর করা দেশ-১ নামের একটি জাহাজে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ২ জন শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় অন্য দুইজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে নিহতরা হলেন, জাহাজের ওয়াল্ডিং শ্রমিক রাশেদ (২১), মাসুম (২৩)। আহতরা হলেন মো. কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)।

আবদুল মাবুদ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘জাহাজটি প্রায় দুই মাস ধরে নোঙ্গরে ছিল। জাহাজে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক গুরুতর আহত হন। বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা কর্ণফুলীতে নদীতে ঝাঁপ দেন। পরে সেখান থেকে উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার উপ পুলিশ পরিদর্শক আবদুল মতিন জানান, ‘কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে মেরমতের কাজে ওয়েল্ডিং করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় দগ্ধ হওয়া অন্য দুইজনের চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিট ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ইত্তেফাক/নূহু