রাঙ্গুনিয়ায় ক্ষতিকর জেলিযুক্ত চিংড়িমাছ আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৫

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলিযুক্ত চিংড়িমাছ আটক করা হয়েছে। উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে গত শুক্রবার বিকালে রোয়াজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান চালানো হয়।

নির্বাহী হাকিম ও  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মত্স্য অফিসার স্বপন কুমার দে অভিযানে সহযোগিতা করেন। উপজেলা মত্স্য কর্মকর্তা বলেন, পচন রোধের জন্য ব্যবসায়ীরা চিংড়ি মাছের মাথায় ক্ষতিকর রাসায়নিক জেলি ব্যবহার করে, এসব মাছ খেলে মানুষের স্বাস্থ্য কোষের পরিবর্তনসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্রাম্যমাণ অভিযানে ২০ কেজি চিংড়িমাছ আটক করে নষ্ট করে দেয়া হয়েছে। মোহাম্মদ রুবেল নামের একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।