অটোবাইকে ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:২০

জামালপুর জেলার ইসলামপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অটোবাইকে ওড়না পেঁচিয়ে রুজিনা (১২) নামের এক কিশোরীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে।  

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইসলামপুর থেকে ব্যাটারিচালিত অটোবাইকযোগে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার নৌঘাটে যাচ্ছিল রুজিনা। পথে কিশোরীর গলার ওড়না চাকায় পেঁচিয়ে গেলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী কিশোরীর সঙ্গে থাকা নিহতের খালা চম্পা (৬০) জানায়, সে তার ভাগ্নিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল। ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসা মোড় নামক স্থানে পৌঁছুলে অটোবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুজিনা উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর গ্রামের মহর উদ্দিনের মেয়ে।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। অটোবাইকটি আটক করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার এসআই এনামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু