ভুয়া চিকিত্সকের ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৭

টাঙ্গাইলে এক ভুয়া চিকিত্সককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিত চিকিত্সক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের মো. শাহ সেকেন্দার। তিনি অধ্যাপক ডা. এফ এম শাহ সেকেন্দার নামে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটালে বসে চিকিত্সা প্রদান করতেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল থেকে ভুয়া চিকিত্সক অধ্যাপক ডা. এফ এম শাহ সেকেন্দারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন। শনিবার ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল কারাগারে পাঠায়।