সোনারগাঁয় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:৫২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

নিহত আলমগীর হোসেন উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। সে পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মামলাই মাদকের।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, চেঙ্গাকান্দি এলাকায় মাদকের চালান বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে আলমগীর নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়।

এ ঘটনায় আহত র‌্যাব সদস্য হাবিলদার হাবিবুর রহমান এবং কনস্টেবল মিজান তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু