শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৫:৪০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ফয়জুন্নেছা (৫০) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়জুন্নেছা মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার মৃত ছমির উদ্দিনের স্ত্রী।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক বলেন, চুনারুঘাটে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কুলাউড়া ফেরার পথে প্ল্যাটফর্মে ফয়জুন্নেছা ও তার ভগ্নিপূত্র অপেক্ষায় ছিলেন। পারাবত ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছোলে ফয়জুন্নেছা ১নং ফ্ল্যাটফর্ম থেকে ২নং প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় জিডি নং-১৮ তারিখ-২৬-০৭-১৮ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু