মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে সাপের দংশনে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী আব্দুল কাদের বিশ্বাস (৫৪)। বুধবার রাত ৯টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কাদের বিশ্বাস ওই গ্রামের মৃত তমিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ বাড়ির একটি ঘরে তিনি এশার নামাজ পড়ছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে। পরে তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাদের বিশ্বাস স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯১ সালে তিনি চাকুরীতে প্রবেশ করেন। সকাল ১০টা ও বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে বেতিলা কবরাস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/নূহু
