বাংলাদেশে কার্যক্রম বন্ধের ঘোষণা দিল গ্ল্যাক্সোস্মিথক্লাইন

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২১:২৫

বহুজাতিক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিকালে যুক্তরাজ্যস্থ প্রধান কার্যালয় থেকে এক ই-মেইল বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির গ্লোবাল সিইও ইমা ওয়ামফ্লি।

তার এই বার্তা চট্টগ্রামের কর্নেলহাটস্থ গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করেন রিজিওনাল সাপ্লাই চেইন হেড রাজু কৃষ্ণস্বামী। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে পরিচিত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হলো।

এদিকে, অবিলম্বে ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সন্ধ্যায় ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থান গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

গ্ল্যাক্সোস্মিথক্লাইন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজম ইত্তেফাককে বলেন ৬০/৬৫ বছরের পুরানো একটি প্রতিষ্ঠান কোনো কারণ ছাড়াই বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের ওপর প্রায় দেড় হাজার পরিবার নির্ভরশীল। তাদের এখন পথে বসতে হবে। আমাদের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।  

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে জানান, গ্ল্যাক্সো কর্তৃপক্ষ তাদের ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দিয়েছে। এতে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, বিশ্বের অন্যান্য যেসব দেশে গ্ল্যাক্সোস্মিথক্লাইন তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে সেখানে অন্তত পাঁচ বছর সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কাঙ্খিত মুনাফা না করতে পারলে কারখানা বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো সময় দেওয়া হয়নি। মাত্র এক বছরের কার্যক্রম রিভিউ করার মাধ্যমেই বাংলাদেশে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে শত শত কর্মকর্তা-কর্মচারীর প্রতি চরম অন্যায় করা হয়েছে।

ইত্তেফাক/নূহু