বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক মো. আশেকুন নবী চৌধুরীকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, ‘যোগদানের দিন থেকে তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।’
পেশাদার সাংবাদিক চৌধুরী গত প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। এরমধ্যে রয়েছে অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, নিউ এইজ ও দৈনিক জনতা। তিনি দেশের প্রথম ২৪/৭ নিউজ পোর্টাল বাংলাদেশইনফো.কম-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১ সালে বাসস থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে চৌধুরীও ছিলেন। হাইকোর্টের আদেশে তারা সবাই চাকরি ফিরে পান। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে অন্যদের সঙ্গে তিনিও বাসসে পুনরায় যোগ দেন।
পেশার ক্ষেত্রে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। এজন্য তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত।বাসস
ইত্তেফাক/ইউবি
