মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর সীমান্তে গ্রামগুলিতে বহু অপরাধীর বসবাস। চলে মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসা। মাদারীপুর ডিবি পুলিশের একটি দল ইয়াবা উদ্ধারে গিয়েছিল ওই এলাকায়। কিন্তু ইয়াবাসহ আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য ৩০/৪০জনের একদল জনতা হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে ডিবি পুলিশের আরেকটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইয়াবা ব্যবসায়ী সফিকুল মাতুব্বর ও হামলাকারীদের একজন কাওছার মোল্লাকে গ্রেফতার করে। এ সময় সুযোগ বুঝে অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার লুন্দি নতুন বাজারে আসাদ মীরের দোকানের সামনে।
মাদারীপুর ডিবি পুলিশের এসআই আবদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই মোবারক মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে লুন্দি নতুন বাজারে যায় এবং ১০০পিস ইয়াবাসহ ব্যবসায়ী সফিকুল মাতুব্বর ও আরও তিনজনকে আটক করে। এ সময় ৩০/৪০ জনের একদল জনতা হাতুরীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ হামলায় ডিবি পুলিশের কনস্টেবল সবুজ ও হিটলার আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
