চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে : সালমান এফ রহমান

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৪২

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে তৈরি হবে, তা হবে ভীষণ কঠিন। এ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ লিডারশিপ কনক্লেভ ২০১৯: টুগেদার টুয়ার্ডস টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, জুনিয়র ইন্টারন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট ইরফান ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট আরমান এ খান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ উদ্যোক্তা, পেশাজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সালমান এফ রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ীই বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। কোনো দ্বৈবক্রমে বা দুর্ঘটনাবশত নয়। তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশ যে বিস্ময়কর উন্নতি করেছে, তা বিশ্বব্যাপী স্বীকৃত। এটি সম্ভব হয়েছে কেবল স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠার ফলে। উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, সমাজের সুবিধাপ্রাপ্ত শ্রেণির অংশ হিসেবে এ বিষয়ে অধ্যয়ন করা আপনাদের দায়িত্ব।