বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত জেলে বহরের ফিশিং ট্রলারগুলোতে ডাকাতি করে। এ সময় দুটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে।
উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা জেলে বহরে হামলা চালিয়ে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। বনদসুরা ডাকাতি শেষে ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, দুবলারচর এলাকায় জেলে বহরে ডাকাতি শেষে বনদস্যুরা ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণে খবর পাওয়ার পর সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/কেকে
