মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত ইটভাটাগুলোতে নির্বিচারে কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে। এসব ইটভাটায় পরিবেশ দূষণের অভিযোগ অনেক দিনের। গত শনিবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এলাকায় নূরুল আলম বাহাদুরের মালিকানাধীন এনবিএম ইটভাটা থেকে ৫ হাজার মণ কাঠ এবং চুনতির হোটেল মিডওয়ে ইন এলাকার ইয়াসিন মাঝির মালিকানাধীন সিবিএম থেকে ৪ হাজার মণ কাঠ জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ’র নেতৃেত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এনবিএম ইটভাটায় বয়লার ভাটা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগ উঠে।
জানা যায়, লোহাগাড়ার বিভিন্নস্থানে অর্ধশত ইটভাটা রয়েছে। ইটভাটা করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স ও কৃষি বিভাগের অনুমতিপত্র লাগে। অভিযোগ রয়েছে, অধিকাংশ ইটভাটায় মজুদ করা হয় বনাঞ্চলের কাঠ। কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। তবে মালিক পক্ষ ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইটভাটা পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম জানান,্ লোহাগাড়ায় অবৈধভাবে কোনো ইটভাটার কার্যক্রম পরিচালিত হতে পারবে না। নতুন করে কাউকে ইটভাটা তৈরি করতে দেওয়া হবে না। তাছাড়া, ইটভাটাগুলো কৃষি জমির উপর ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে হওয়ায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।
