পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ ‘হিন্দু ধর্ম ত্যাগ করা’। এমন মন্তব্য করেছেন রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব। সম্প্রতি রাজস্থানে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে রাকবার খান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর মমতার এক মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, গণপিটুনিতে রাকবরের মৃত্যুর ঘটনার পর মমতা বলেন, বিজেপি দেশে তালিবানি হিন্দুত্বের বাতাবরণ তৈরি করতে চাইছে। তার ওই মন্তব্যের সমালোচনা করতে গিয়েই তার হিন্দু ধর্ম ত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেন যাদব।
যাদব বলেন, যে বিষয় মন্তব্য করছেন সেটা ওনি ( মমতা বন্দ্যোপাধ্যায়) বোঝেন না। দেশকে ভালোও বাসেন না। সমস্ত হিন্দুবাদী সংগঠনকে চরমপন্থী আখ্যা দিয়েছেন নির্লজ্জের মতো। তাই ওনার উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা।
এসব ছাড়া একই সঙ্গে মমতার ‘মানসিক পরিস্থিতি’ নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী।
বিজেপি নেতারা প্রায়ই মমতার সমালোচনা করে থাকেন। নতুন করে সেসব সমালোচকদের তালিকায় নাম লেখালেন যাদব। গো-রক্ষা নিয়ে তিনি পূর্বে বলেছিলেন, গো-মাতা’কে জবাই বা চোরা চালান করলে হিন্দুরা চুপ করা থাকবে না।
উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে রাজস্থানের আলোয়ারের রাস্তায় গণপিটুনিতে মৃত্যু হয় রাকবর খান নামে এক ব্যক্তির। ওই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে অনেকেই ঘটনায় পুলিশের ভূমিকারও নিন্দা করেন।
টুইট করে রাহুল জানান আহত রাকবরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেরি করেছে পুলিশ। এটা না করলে তাঁর প্রাণ বেঁচেও যেতে পারত। প্রথম দিকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজস্থান সরকার। পরে সরকাররে তরফে দেরির অভিযোগ স্বীকার করে নেওয়া হয়।
ইত্তেফাক/ জেআর
