চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৫৫

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. বিশু (২১) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়া এলাকার তৈমুর হোসেনের ছেলে। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েক জনের একটি দল গরু আনতে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। ভারতের সভাপুর সীমান্তের বিএসএফ    তাদের লক্ষ্য করে গুলি চালালে বিশু গুলিবিদ্ধ হয়। বিশুর সহযোগিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এসময় তারা লাশ ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি ধানখেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, তিনি ধানখেতে একটি লাশ পড়ে থাকার কথা শুনেছেন।